আবু তাহের,ক্যাম্পাস সংবাদদাতা, জাককানইবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হিসেবে অবশেষে প্রকাশ্যে এসেছেন অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদ কবির।
বুধবার (২০ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি নিজের পরিচয় প্রকাশ করেন। আনুমানিক রাত ১১টার দিকে প্রকাশিত ওই পোস্টে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে তিনি নিজেকে শিবির সভাপতি হিসেবে পরিচয় দেন।
সাদ কবির তার পোস্টে লেখেন, “দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের পর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা মত প্রকাশের স্বাধীনতা অর্জন করেছি।
কিন্তু দুঃখজনকভাবে জুলাই বিপ্লবের এক বছর পেরিয়ে গেলেও এখনো জাককানইবিতে ছাত্র সংসদ গঠিত হয়নি। যেখানে শিক্ষার্থীরা গণতন্ত্র চর্চা, নেতৃত্ব বিকাশ ও অধিকার আদায়ের সুযোগ পেতে পারে।”
তিনি আরো বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঘোষিত ৯ দফার মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকলেও এ বিশ্ববিদ্যালয়ে তা এখনো বাস্তবায়িত হয়নি।
ইতোমধ্যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি শুরু হলেও জাককানইবিতে প্রশাসনের তেমন কোনো অগ্রগতি নেই। তাই অতিসত্বর ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানাই। অন্যথায় শিক্ষার্থীরাই নিজেদের গণতান্ত্রিক অধিকার আদায় করে নেবে ইনশাআল্লাহ।”
গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় সাদ কবির জানান, “আমরা অনেক দিন ধরেই প্রকাশ্য কার্যক্রম পরিচালনা করছি। আমাদের কমিটি আসলে ওপেন সিক্রেট। তবে আনুষ্ঠানিকভাবে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে। বর্তমানে আমাদের কমিটি ৮ সদস্যের।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, “জুলাই অভ্যুত্থানের পর এমন কোনো পরিস্থিতি নেই যে কারো গোপনে থাকতে হবে। এখন সবাই স্বাধীনভাবে অধিকার চর্চা করতে পারে। তারা কেন প্রকাশ্যে আসতে পারছিল না তা প্রশ্নসাপেক্ষ। তবে আমরা আহ্বান জানাবো, তারা যেন প্রকাশ্যে রাজনীতি করে।”
সূত্রে জানা গেছে, কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ফোকলোর বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ রিমন।