ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঘোষিত গুপ্ত সংগঠনের প্যানেলকে শিক্ষার্থীরা বয়কট করবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ।
সোমবার রাজধানীর মিরপুরে মহানগর পশ্চিম ছাত্রদলের অধীনস্থ মিরপুর থানার ১৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত কর্মী সভায় তিনি এ বক্তব্য দেন। আকরাম আহমেদ বলেন, “বিগত খুনি হাসিনার শাসনামলে যারা ছাত্রলীগের ছায়াতলে থেকে রাজনীতি করেছে, পদ নিয়ে ছাত্রলীগ করেছে, অথচ ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর তারা নিজেদের ছাত্রশিবিরের পরিচয় প্রকাশ করেছে—তারা আসলে স্বৈরাচার সরকারের সহযোগী ছিল। ক্ষমতার সঙ্গে আপোস করে আরাম আয়েশের রাজনীতি করেছে।”
তিনি আরও বলেন, “শত শত নির্যাতনের পরও ছাত্রদল কখনো আপোস করেনি। গত সাড়ে পনেরো বছরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ অসংখ্য অপকর্ম করেছে। অথচ ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ছাত্রদল সেই সব কর্মসূচি থেকে বিরত থেকে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে।”
আকরাম আহমেদ অভিযোগ করে বলেন, ডাকসু নির্বাচনে ঘোষিত গুপ্ত সংগঠনের প্যানেলের নেতৃবৃন্দ অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। “তারা সবাই ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে রাজনীতি করেছে,” বলে মন্তব্য করেন তিনি।
তিনি দাবি করেন, সাধারণ শিক্ষার্থীরা এসব মুখোশধারী সংগঠনের প্রার্থীকে কোনোভাবেই মেনে নেবে না। শিবিরের ছদ্মবেশে ছাত্রলীগের রাজনীতি করা এই গুপ্ত সংগঠনের প্যানেলকে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বয়কট করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে যে উৎসাহ তৈরি হয়েছে, সেখানে গুপ্ত সংগঠনের প্যানেল নিয়ে বিতর্ক পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। ছাত্রদলের এই অবস্থান নির্বাচনী প্রক্রিয়ায় ভিন্ন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।