ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্রার্থী সাদিক কায়েম। তিনি জানিয়েছেন, ভোটারদের মধ্যে বিশেষ করে ছাত্রীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাদিক কায়েম বলেন, “ছাত্রীদের কাছ থেকে বেশি রেসপন্স পাচ্ছি। আমাদের বোনরা এসে তাদের প্রত্যাশার কথা জানাচ্ছে। আমরা আশাবাদী, তারা আমাদের জোটকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করবে।” তিনি আরও বলেন, ছাত্রদের মধ্যেও সমর্থন রয়েছে, তবে তুলনামূলকভাবে ছাত্রীদের প্রতিক্রিয়া অনেক বেশি ইতিবাচক।
উল্লেখ্য, সোমবার (১৮ আগস্ট) ডাকসু নির্বাচনের জন্য ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।
এছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে মনোনয়ন পেয়েছেন — বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, কমনরুম–রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ফাতিমা তাসনীম জুমা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নুরুল ইসলাম সাব্বির, ক্রীড়া সম্পাদক পদে
আরমান হোসেন, ছাত্র পরিবহণ সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক পদে শরিফুল ইসলাম মুয়াজ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে সাখাওয়াত জাকারিয়া।
প্যানেলের সদস্য পদে লড়বেন আরও ১৩ শিক্ষার্থী। নির্বাচনে ছাত্রী ভোটারদের বাড়তি সমর্থন এবার ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।