জাবি প্রতিনিধি:
তথ্য লুকানোর দায়ে কমিটি দেওয়ার দুই দিনের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের মওলানা ভাসানী হলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ছাত্রত্ব না থাকার বিষয়ে তথ্য গোপন এবং মিথ্যা তথ্য প্রদান করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে শাখা ছাত্রদলের বর্ধিত কমিটি ও হল কমিটিতে হত্যা মামলার তিন পলাতক আসামী, সাবেক ছাত্রলীগের নেতাকর্মী ও শিবির সংশ্লিষ্ট এবং মাদক ও ছিনতাইয়ের অভিযোগে বহিষ্কার হওয়া অনেকেই এখনো স্বপদে বহাল রয়েছে।
রবিবার (১০ আগস্ট) দুপুরে দেওয়া জাবি শাখা ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত মোতাবেক মওলানা ভাসানী হল শাখার ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। অতি শিগগিরই নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন কমিটি ঘোষণা করা হবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্যসচিব ওয়াসিম আহমেদ এক জরুরি সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করেন।”
গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল ও একটি অনুষদে ৮৮ সদস্যের কমিটি ঘোষণা করে শাখা ছাত্রদল। এর মধ্যে মওলানা ভাসানী হল ছাত্রদলের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল।
ওই কমিটিতে সভাপতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস রহমান, যিনি নিয়মিত শিক্ষার্থী না হওয়া সত্ত্বেও তথ্য গোপন রেখেছেন বলে অভিযোগ উঠেছে৷ অভিযোগের প্রেক্ষিতে ওই হল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে৷
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন ‘হল কমিটি দেওয়ার আগে আমাদের ক্রাইটেরিয়া ছিল যিনি দায়িত্বে আসবেন তাকে নিয়মিত শিক্ষার্থী হতে হবে। কিন্তু নিয়মিত শিক্ষার্থী না হয়েও তথ্য গোপন রাখার বিষয়টি প্রমাণিত হওয়ায় আমরা এই ব্যবস্থা নিয়েছি।’
এছাড়া, ছাত্রদলের ৩৭০ সদস্য বিশিষ্ট বর্ধিত কমিটিতে সদস্য পদে রয়েছে আলোচিত শামীম মোল্লা হত্যা মামলার পলাতক আসামি হামিদুল্লাহ সালমান, রাজন মিয়া ও যুগ্মআহ্বায়ক পদে রাজু আহমেদ।
এদের মধ্যে হামিদুল্লাহ সালমানকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তার বাবা চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা আবদুর রহিম পাটোয়ারী।
অভিযোগ আছে সালমান শিবিরের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। মূলত, শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর তাকে ছাত্রদলের রাজনীতিতে পুনর্বাসন করছে বলে ছাত্রদলের একাধিক নেতা জানিয়েছেন।
এমনকি শাখা ছাত্রদলের ঘোষিত এ কমিটিতে সাবেক ছাত্রলীগের নেতাকর্মী এবং মাদক ও ছিনতাইয়ের অভিযোগে বহিষ্কার হওয়া অনেকেই রয়েছেন।
তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে আমাদের তদন্ত চলছে৷ আশাকরি শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’