আবু তাহের ক্যাম্পাস সংবাদদাতা, জাককানইবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্র হলের ছাদ ঢালাইয়ের সময় ছাদের একটি অংশ ধসে পড়ে অন্তত ১০ জন নির্মাণশ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ চলার সময় হঠাৎ করে ভবনের একটি অংশ ভেঙে পড়ে। এতে কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন। পরে স্থানীয় শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা উদ্ধার কার্যক্রমে অংশ নেন এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নির্মাণকাজে ব্যবহৃত রড ছিল নিম্নমানের এবং রড বাঁধার কাজে ব্যবহার করা হচ্ছিল সাধারণ পাটের দড়ি। শ্রমিকদের জন্য কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না—হেলমেট, সুরক্ষা পোশাক বা অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামও দেখা যায়নি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও ছাদ ঢালাইয়ের মতো ঝুঁকিপূর্ণ কাজ চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
এক অভিজ্ঞ শ্রমিক বলেন, “আমি প্রায় ১০ বছর ধরে এই পেশায় আছি, কিন্তু এমন খারাপ আবহাওয়ায় ছাদ ঢালাই করতে কখনও দেখিনি। কাজের মান খুবই নিম্ন। কেন বৃষ্টির মধ্যে এমন গুরুত্বপূর্ণ কাজ চালানো হলো, সেটাই বুঝতে পারছি না।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই, ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে । দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়টিতে বহুমূল্য ছাত্র হল নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। শুরু থেকেই এ প্রকল্পে নির্মাণসামগ্রী ও কাজের গুণমান নিয়ে প্রশ্ন উঠছিল। এর আগে, কয়েকদিন আগেও একই প্রকল্পে কাজ করতে গিয়ে এক শ্রমিক মারা যান। তখনো প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।