ফয়সাল আহমাদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে বৃত্তি পরিক্ষায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে উপজেলার শতাধিক কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (২৪) জুলাই দুপুরে শ্রীপুর পৌর শহরের শ্রীপুর মাওনা আঞ্চলিক সড়কের উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, শিক্ষা একটি অধিকার, অনুগ্রহ নয়, লেখা ফেস্টুন ব্যানারসহ বিভিন্ন শ্লোগান দেন তারা।
কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ১৭ জুলাই প্রাথমিক বৃত্তি পরিক্ষা গ্রহণ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। এতে কিন্ডারগার্টেন ও সমমনা স্কুলকে বাদ দেওয়া হয়েছে।
যা অনেক বড় বৈষম্য। যেখানে ৫০ শতাংশ কোমলমতি শিক্ষার্থী কিন্ডারগার্টেন স্কুলে পড়াশোনা করে। এজন্য সরকার যেন দ্রুত সময়ের মধ্যে এই পরিপত্র বাতিল করে।
সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমির পরিচালক মো. সালাউদ্দিন মিলন বলেন, সারাদেশে কিন্ডারগার্টেন স্কুলে ১২ লাখের বেশি শিক্ষিত মানুষের কর্মসংস্থান হয়। তাদের কথা ভাবতে হবে।
উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. আবুল হোসেন প্রধানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এসএম ফরহাদ মিয়ার পরিচালনায় একাত্মা প্রকাশ করে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু,
পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকার, ছাপিলাপাড়া শামীম মাস্টার মডেল একাডেমির পরিচালক শামীম আহমেদ, সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমির পরিচালক মো. সালাউদ্দিন আহমেদ মিলন,
মিজান মডেল একাডেমির পরিচালক মো. মিজানুর রহমান, সরদার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক সরদার মোক্তার হোসেন, গাজীপুর শাহীন বরমী শাখার পরিচালক মো. হারুন অর রশিদ ফরাজি,
মোল্লা নগর একাডেমির পরিচালক ড. হারুন অর রশিদ, কুসুমকলি বিদ্যা নিকেতনের পরিচালক শওকত উসমান সেলিম, এইচএকে একাডেমির শিক্ষক শাহদাত হোসেন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সজীব আহমেদ বলেন, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষে একটি স্মারক লিপি দেওয়া হয়েছে। এটি যথাযথ কর্তৃপক্ষকে পাঠানো হবে।