মেহেদী হাসান, যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাপ্লায়েড ইথোলজি (ISAE) এর সপ্তম প্রাণিকল্যাণ বিষয়ক কর্মশালা।
এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল পশুর আচরণ ও কল্যাণ বিষয়ে আধুনিক বৈজ্ঞানিক জ্ঞান ছড়িয়ে দেওয়া, সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সচেতনতা তৈরি এবং নৈতিক ও টেকসই প্রাণিপালনকে উৎসাহিত করা।
কর্মশালাটি ওপেন ফিলানথ্রপির অর্থায়নে, ISAE -এর উদ্যোগে এবং যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদের সার্বিক সহযোগিতায় আজ বুধবার (২৪মে) সকাল সাড়ে ৯টায় যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন যবিপ্রবির ডিন প্রফেসর ড. জিয়াউল আমীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি ট্রেজারার অধ্যাপক ড. হোসাইন আল মামুন
এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক এবং আইএসএই-এর বাংলাদেশ প্রতিনিধি ড. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে ভেটেরিনারি বিশেষজ্ঞগণ প্রাণিকল্যাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।খামারের প্রাণিদের আচরণ ও কল্যাণ, পশুর পরিবহন ও জবাই প্রক্রিয়ার চ্যালেঞ্জ, পোষা প্রাণির কল্যাণ, পোলট্রির মানবিক ব্যবস্থাপনা, বন্য
ও চিড়িয়াখানার প্রাণির সুরক্ষা এবং প্রাণিদের প্রতি নৈতিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার বিষয়ে তারা গুরুত্বপূর্ণ তথ্য ও সুপারিশ তুলে ধরেন।
প্রাণিকল্যাণ বিষয়ক বর্তমান আইন ও নীতিমালা বিষয়ে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল বিভিসি রেজিস্ট্রার ড. গোপাল চন্দ্র বিশ্বাস বলেন, দেশে প্রানীকল্যাণ সম্পর্কিত বিভিন্ন আইন রয়েছে।
কিন্তু সেগুলো বাস্তবায়ন হচ্ছে না। ফলে আমাদের মূল উদ্দেশ্যর প্রতিফলন হচ্ছে না। এসব আইনের প্রয়োগ হলেই কেবল প্রাণীকল্যাণ উন্নয়ন সম্ভব হবে।
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ বলেন, প্রাণিকল্যাণ সম্পর্কিত এ ধরণের আয়োজন অত্যন্ত শিক্ষণীয় যা সকলে মাঝে সচেতনতা বৃদ্ধি করবে। সমাজে মানুষের দ্বারা পশুপাখির প্রতি সদয় ও বন্ধুত্বসুলভ আচরণ করতে এ ধরনের কর্মশালা কার্যকরী ভূমিকা রাখবে।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের সার্জারি
ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিভাগের সাবেক ডীন অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরদার ও একই বিভাগের সহকারী অধ্যাপক ড. মোছা. ইশরাত জেরিন মনি।
আরো উপস্থিত ছিলেন যবিপ্রবির ভেটেরিনারি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল, ঢাকা, থেকে আগত গবেষক, শিক্ষক, পলিসি মেকার ও পশুস্বাস্থ্য সংশ্লিষ্ট পেশাজীবীরা।
অনুষ্ঠান শেষে বক্তারা অংশগ্রহণকারীদের নানা প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শও তুলে ধরেন। বক্তা ও অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালার সমাপ্তি ঘটে।