মোঃ কাজী ওমর শরীফ, (চবি প্রতিনিধি):
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীরা পোষ্য কোটা বাতিল, ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো এবং চাকসু নির্বাচনসহ ৯ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার (৫ জানুয়ারি) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা জানান, তাদের যৌক্তিক দাবি উপেক্ষা করে প্রশাসন ছলচাতুরির আশ্রয় নিয়েছে। তারা বলেন, “জুলাই মাসের গণঅভ্যুত্থানে আমরা জানিয়েছিলাম, চবির ক্যাম্পাসে কোনো বৈষম্য সহ্য করা হবে না। প্রশাসন আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে ভর্তি ফি কমানো হবে। কিন্তু সমাধান ছাড়াই ভর্তি আবেদন শুরু করেছে।”
শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে প্রশাসন ভবন বন্ধ করে দেওয়া হবে।
শিক্ষার্থীদের ৯ দফা দাবি:
১. ভর্তি পরীক্ষার আবেদন ফি ২০০ টাকায় নামিয়ে আনা।
২. পোষ্য কোটা এবং অন্যান্য অযৌক্তিক কোটা বাতিল।
৩. শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবিমা চালু।
৪. আর্থিক অবস্থা, বাড়ির দূরত্ব এবং মেধার ভিত্তিতে হলের আসন বরাদ্দ এবং নতুন দুটি হল নির্মাণ।
৫. ক্যাম্পাসে সক্রিয় এক্সট্রা কারিকুলাম সংগঠনগুলোর জন্য অফিস বরাদ্দ।
৬. দ্রুত টিএসসি নির্মাণ।
৭. চাকসু এবং হল সংসদ নির্বাচন।
৮. প্রত্যেক শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদান এবং অনলাইনভিত্তিক রেজাল্টসহ সব কার্যক্রম চালু।
৯. গুপ্ত হামলার সুষ্ঠু বিচার এবং ক্যাম্পাস ও শাটল ট্রেনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত।
এই কর্মসূচিতে চবি শাখার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে শিক্ষার্থীরা তাদের দাবির গুরুত্ব তুলে ধরে প্রশাসনের কাছে তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।