সানজিদা খানম , গবি প্রতিনিধি:
ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয় হেলথ ক্লাবের (জিবিএইচসি) উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও সচেতনতা ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বাদামতলায় এ সেবা প্রদান কর্মসূচি চলে।
দিনব্যাপী চলা কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয় এবং সেবা নিতে আসা শিক্ষার্থীদের স্বাস্থ্যগত নানান দিক সম্পর্কে সচেতন করা হয়। সেবা নিতে আসা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা জিবিএইচসি’র উদ্যোগের প্রশংসা করেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন; পাশাপাশি এমন কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী নাজমুল হক বলেন, “আজকের কর্মসূচির মাধ্যমে আমি আমার ব্লাড প্রেসার, ডায়াবেটিস সহ অন্যান্য স্বাস্থ্য পরিক্ষা করেছি, যা দৈনন্দিন ব্যস্ততার কারণে করা হয়ে ওঠে না। এমন কার্যক্রমের ধারাবাহিকতা অব্যহত থাকলে শিক্ষার্থীরা খুবই উপকৃত হবে। পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক সচেতনতায় তাদের দেওয়া বিভিন্ন দিকনির্দেশনা শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন হতে সহায়ক হবে।”
কর্মসূচি সম্পর্কে ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সজিব বলেন, “ডা. জাফরুল্লাহ চৌধুরীর মানবসেবার আদর্শকে ধারণ করে আমরা বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও সচেতনতা মূলক কার্যক্রম হাতে নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকাংশই বিভিন্ন হোস্টেলে থাকেন,
ফলে বিভিন্ন স্বাস্থ্য ঝুকিতে পড়েন অনেকে। আজকের কর্মসূচির মাধ্যমে সঠিক খাদ্যাভ্যাস মেনে চলা, পরিমিত পানি পান সহ নানা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া ছিল আমাদের মূল লক্ষ্য।”
এ বিষয়ে ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া আহমেদ তন্বী বলেন, “যারা নিয়মিত স্বাস্থ্যসেবা নিতে পারে না, ডা. জাফরুল্লাহ চৌধুরীর উদ্দেশ্য ছিল সেসব মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষদের কাছে।
শিক্ষার্থীদের ব্যস্ততার কারণে তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে পারে না। এ ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা তাদের কাছে সহজেই প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে পারছি। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো হেলথ ক্লাব ও অন্যান্য শিক্ষার্থীদের সংযুক্তি ঘটানোর মাধ্যমে এমন কার্যক্রম প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে।”