বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এর ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়। প্রধান অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. মামুন অর রশীদ বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন।
এরপর সকাল সাড়ে ১০টায় পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রো-ভাইস চ্যান্সেলর। উদ্বোধন শেষে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন অনুষদ, হল ও দপ্তরের প্রতিনিধিরা ব্যানার ও ফেস্টুনসহ অংশগ্রহণ করেন।
পরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কীটতত্ত্ব বিভাগের সিনিয়র প্রফেসর ড. মো. হামিদুর রহমান এবং উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. মামুন অর রশীদ।
বিজয় ২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিবিএ অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. বদিউজ্জামান, কৃষি অনুষদের ডিন প্রফেসর মো. জহিরুল হক, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ জামাল হোসেন, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেন, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকারসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি পবিপ্রবির গৌরবময় ইতিহাস ও অগ্রযাত্রার স্মারক হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে প্রাণবন্ত উৎসবের আমেজ তৈরি করে।