শপথ গ্রহণ করে শহিদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন কুড়িগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে শহিদ ওসমান হাদির কবরের পাশে দাড়িয়ে তিনি কবর জিয়ারত করেন ও মোনাজাতে অংশ নেন।
ড. আতিক মুজাহিদ বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে শহিদ ওসমান হাদির মতো আদর্শ, সততা, সাহস ও যোগ্যতা দান করুন। তিনি যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, যাতে আমরা শহিদ হাদির স্বপ্নের ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি।
তিনি আরও বলেন, দেশের ৩০০টি আসনে শহিদ হাদির আদর্শে গড়া, যোগ্য, সৎ ও জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ প্রতিনিধিদের দান করুন, যারা সত্য ও ন্যায়ের পক্ষে অটল থেকে দেশ ও জাতির সেবা করবে।
এই সময় উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, সদস্য কনকসহ প্রমুখ।