সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. রানা ইসলাম (২১) নামে এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার আলীমুদ্দিন ছবুর উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত রানা ইসলাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের হাদিসপাড়া এলাকার মো. রেজাউল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় চলাকালীন ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় হাতেনাতে আটক করা হয় ওই যুবককে। পরে খবর পেয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো. তানভীর হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযুক্ত যুবক তার অপরাধ স্বীকার করায় দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারা লঙ্ঘনের দায়ে তাকে ০৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালীন পাটগ্রাম থানার এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতা প্রদান করেন। সাজা ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
“শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং ইভটিজিং নির্মূলে উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।” উপজেলা প্রশাসন, পাটগ্রাম, লালমনিরহাট।