মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের চরাঞ্চলে নির্বাচন-পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক নিহত হওয়ার ঘটনায় প্রেস ব্রিফিং করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার দুপুরে মুন্সিগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সেনাবাহিনী-এর ১৯ বীর ইউনিটের সিও লেফটেন্যান্ট কর্ণেল আকিব জাবের জানান, নিহত জসিম নায়েবের সঙ্গে প্রতিপক্ষ ডাক্তার নাসির গ্রুপের পূর্ববিরোধ ছিল। পারিবারিক বিরোধের জের ধরে নির্বাচন-পরবর্তী সময়ে এ হামলার ঘটনা ঘটে।
তিনি বলেন, এর আগে পারিবারিক বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছিল। নির্বাচনের পর কথাকাটাকাটির একপর্যায়ে জসিম নায়েবের বাড়িতে নাসিরপক্ষ অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হন জসিম। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, শুক্রবার মুন্সিগঞ্জ সদর উপজেলার চরআব্দুল্লাহ এলাকায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় জসিম নায়েব (৩০) মারা যান। তিনি স্থানীয় মাফিক নায়েবের ছেলে এবং স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন বলে জানা গেছে।
অন্যদিকে, হামলাকারীরা মুন্সিগঞ্জ-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতনপক্ষের সমর্থক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।