ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা। এতে জেলায় ধানের শীষের পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। বিজয়ের পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের ঢেউ বইছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী।
ঘোষিত ফলাফল অনুযায়ী, মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বিএনপির প্রার্থী মো. আব্দুল্লাহ ১ লাখ ৬৭ হাজার ৫৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ কে এম ফখরুদ্দীন রাজী পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬৮ ভোট। এ আসনে বিজয়ের ব্যবধান দাঁড়ায় ৬৫ হাজার ৯৯৪ ভোট।
মুন্সিগঞ্জ-২ (টংগিবাড়ী-লৌহজং) আসনে বিএনপির আব্দুস সালাম আজাদ ১ লাখ ২১ হাজার ১৫৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির মাজেদুল ইসলাম পেয়েছেন ৫৮ হাজার ৫৭৩ ভোট। এখানে বিজয়ের ব্যবধান ৬২ হাজার ৫৮১ ভোট।
অন্যদিকে, মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির প্রার্থী মো. কামরুজ্জামান ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন পেয়েছেন ৮৮ হাজার ৯৩৬ ভোট। এ আসনে ব্যবধান দাঁড়ায় ৩৫ হাজার ৭৫৫ ভোট।
তিনটি আসনেই উল্লেখযোগ্য ব্যবধানে জয় পাওয়ায় জেলায় বিএনপির সাংগঠনিক শক্তি ও ভোটার সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফলাফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা মিছিল, মিষ্টি বিতরণ ও আনন্দ সমাবেশ করেন।