মঈন উদ্দীন,বান্দরবান প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী। জেলার ১৮৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে জেলার সাতটি উপজেলার দুই পৌরসভা ও ৩৪টি ইউনিয়নের ১৮৭টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিকাল ৫টার পর থেকে কেন্দ্রভিত্তিক ফলাফল আসতে শুরু করলে দেখা যায়, অধিকাংশ কেন্দ্রেই ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিং প্রু জেরী উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।
জেলার রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি বলেন, সকাল থেকেই বান্দরবানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। তিনি জানান, জেলার সাতটি উপজেলা, দুই পৌরসভা ও ৩৪টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪৪২ জন।
বেসরকারি ফলাফলে জানা গেছে, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিং প্রু জেরী পেয়েছেন ১ লক্ষ ৪১হাজার ৪৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের এনসিপি মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন পেয়েছেন ২৬১৬২ ভোট।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবুল কালাম আজাদ পেয়েছেন ৪৭১৮ ভোট এবং জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের প্রার্থী মো. ওয়ালী উল্লাহ পেয়েছেন ২৪৩৫ ভোট।