ঝালকাঠিতে ভাই হত্যার বিচারের দাবিতে প্ল্যাকার্ড হাতে ভোটকেন্দ্রে গিয়ে আলোচনায় এসেছেন মাসুমা হাদি। বৃহস্পতিবার সকালে তিনি ঝালকাঠির সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।
তার হাতে থাকা প্ল্যাকার্ডে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি লেখা ছিল। উৎসবমুখর ভোটকেন্দ্রের পরিবেশ মুহূর্তেই গম্ভীর হয়ে ওঠে। উপস্থিত ভোটার ও পথচারীরা তার দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং অনেকেই এগিয়ে এসে সমর্থন জানান।
ভোট প্রদান শেষে আবেগঘন কণ্ঠে মাসুমা বলেন, ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন থামবে না। একজন নাগরিক হিসেবে ভোট দেওয়া তার অধিকার, আর ভাইয়ের হত্যার বিচার চাওয়া তার নৈতিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের হলেও এখন পর্যন্ত কাউকে আইনের আওতায় আনা যায়নি। দীর্ঘসূত্রতায় হতাশ পরিবার দ্রুত বিচার দাবি করে আসছে। ভোটের দিনেও সেই দাবিই নতুন করে সামনে আনলেন মাসুমা হাদি।