মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নের একটি ভোটকেন্দ্রের বাইরে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রের বাইরে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও ভোটগ্রহণ কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরের সড়কে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিস্ফোরণের শব্দে ভোটার ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে কেন্দ্রের ভেতরে নিরাপত্তা জোরদার থাকায় ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলতে থাকে।
কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার তিতুমির ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করে বলেন, “সকাল ১০টার দিকে কেন্দ্রের বাইরের রাস্তায় কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। কেন্দ্রের ভেতরে ভোটগ্রহণে কোনো সমস্যা হয়নি।”
ঘটনার পর অতিরিক্ত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্র এলাকায় অবস্থান নেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।