ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ আব্দুর রহমান জিকো নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
শেখ আব্দুর রহমান জিকো বলেন, শুরু থেকেই তিনি নির্বাচনি প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের অনিয়ম ও বৈষম্যের মুখোমুখি হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, মনোনয়নপত্র প্রথমে বাতিল হওয়া, পরে আপিলে তা ফিরে পাওয়া এবং প্রতীক বরাদ্দে জটিলতা—এসব ঘটনা নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। পাশাপাশি নিরাপত্তাহীনতা ও মানসিক চাপের কথাও উল্লেখ করে তিনি নির্বাচনে না থাকার সিদ্ধান্ত জানান।
বীর মুক্তিযোদ্ধার সন্তান ও দীর্ঘদিনের আওয়ামী লীগ কর্মী হিসেবে পরিচিত জিকো বলেন, আওয়ামী লীগ এ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে অংশ নিচ্ছে না। দলীয় অবস্থান ও শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়ে তিনি ব্যক্তিগতভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।