মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা (মৌলভীবাজার):
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনের ব্যস্ত সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও অলি-গলিতে দেখা মিলছে ব্যতিক্রমধর্মী এক ধরনের ফেস্টুন। সাদা পটভূমিতে কালো হরফে সিলেটি ভাষায় লেখা— ‘ইবার দিলাইতাম’—যা ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
বড়লেখা পৌর শহরের উত্তর চৌমুহনী, মধ্য বাজার, পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এলাকা ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে এসব ফেস্টুন চোখে পড়ছে। হঠাৎ করে এমন বার্তা ছড়িয়ে পড়ায় রিকশাচালক, পথচারী ও দোকানদারদের মাঝেও শুরু হয়েছে আলোচনা।
একজন পথচারী জানান, “ভোটের আগে এমন ব্যতিক্রমী ফেস্টুন ভালো মানুষকে ভোট দিতে মানুষকে ভাবতে বাধ্য করছে।”
স্থানীয়দের ধারণা, সরাসরি দলীয় প্রচারণা নয়—বরং আঞ্চলিক ভাষায় সচেতনতার এই বার্তাটি ভোটারদের সিদ্ধান্তে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।