মেহেরপুর প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মেহেরপুরে স্থানীয় পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের ছাদ বাগানে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. সৈয়দ এনামুল কবির। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাসান মাহামুদ সৌরভ, জেলা পুলিশ সুপার উজ্জল কুমার রায়, জেলা নির্বাচন অফিসার এনামুল হক।
বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় পর্যবেক্ষক ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, সঠিক তথ্য প্রচার এবং গুজব প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে পর্যবেক্ষকদের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান তারা।
সভায় নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটের দিন করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন।