শাহরিয়ার আহমেদ শাওনঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে আবেদন করেও হবিগঞ্জ জেলার দুই শতাধিক সাংবাদিক কার্ড পাননি বলে অভিযোগ উঠেছে। এতে করে স্থানীয় সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
জানা যায়, হবিগঞ্জ জেলায় মোট ৫০০-এর অধিক সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ কার্ডের জন্য আবেদন করেন। তবে অনুমোদন পেয়েছেন মাত্র ২৬৯ জন। বাকি ২০০-এর অধিক আবেদন বাতিল বা স্থগিত রাখা হয়েছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।
বঞ্চিত সাংবাদিকদের দাবি, পরিকল্পিতভাবে প্রকৃত ও সক্রিয় সাংবাদিকদের একটি বড় অংশকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। জাতীয় ও স্থানীয় শীর্ষ গণমাধ্যমের প্রতিনিধিরাও অনুমোদিত তালিকায় স্থান না পাওয়ায় বিষয়টি আরও প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সাংবাদিক অভিযোগ করেন, প্রভাবশালী মহলের সুপারিশ ও অদৃশ্য প্রভাবের কারণে অপ্রাসঙ্গিক বা কম সক্রিয় ব্যক্তিদের কার্ড প্রদান করা হয়েছে। ফলে প্রকৃত পেশাদার সাংবাদিকরা দায়িত্ব পালনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
সাংবাদিক নেতৃবৃন্দ দ্রুত এ বিষয়ে স্বচ্ছ ব্যাখ্যা ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন। তারা বলেন, নির্বাচনকালীন সময়ে গণমাধ্যমের অবাধ ও নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে প্রকৃত সাংবাদিকদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্ধারিত নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই করেই তালিকা চূড়ান্ত করা হয়েছে।
এদিকে বিষয়টি নিয়ে জেলায় সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন হিসেবে দেখছেন। দ্রুত সমাধান না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণাও আসতে পারে বলে জানা গেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাংবাদিকরা।