মুন্সিগঞ্জ প্রতিনিধি
নির্বাচনী ছুটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকা থেকে দক্ষিণাঞ্চল ও চট্টগ্রামগামী সড়কগুলোতে যাত্রী ও যানবাহনের চাপ হঠাৎ করেই বেড়ে গেছে। এর ফলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে যাত্রীদের ভোগান্তি দেখা দিয়েছে।
বাড়তি যাত্রীচাপের সুযোগ নিয়ে কিছু পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে—এমন অভিযোগ উঠেছে যাত্রীদের পক্ষ থেকে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে মুন্সিগঞ্জ অংশের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা, হাসাড়া, ষোলঘর ও শ্রীনগর এলাকায় যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়।
অনেক যাত্রী অভিযোগ করেন, ফাঁকা আসন থাকা সত্ত্বেও একাধিক বাস স্থানীয় স্টপেজে না থেমে দ্রুতগতিতে চলে যাচ্ছে। ফলে অফিসগামী মানুষ ও পরিবারসহ ভ্রমণকারীরা বিপাকে পড়ছেন।
নিমতলা এলাকায় অপেক্ষমাণ কয়েকজন যাত্রী জানান, এক থেকে দেড় ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারেননি। যারা বাসে তুলছেন, তারা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ দাবি করছেন। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীদের নিয়ে ভ্রমণকারীরা বেশি দুর্ভোগে পড়ছেন বলে অভিযোগ।
অন্যদিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কেও সকাল থেকেই যানবাহনের সংখ্যা বেড়ে গেছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, অতিরিক্ত চাপ থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলাচলকারী একটি পরিবহনের প্রতিনিধি জানান, নির্বাচনী ছুটির কারণে যাত্রীসংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি। তবে সড়কে কোথাও স্থবিরতা সৃষ্টি হয়নি বলে দাবি করেন তিনি।
হাইওয়ে পুলিশ জানায়, সড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত যানজটের কোনো পরিস্থিতি তৈরি হয়নি। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে লিখিত অভিযোগ না পাওয়ার কথাও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তবে যাত্রীরা বলছেন, ছুটির সময় যাত্রীচাপ বাড়বে—এটি আগে থেকেই অনুমেয়। তাই এ ধরনের পরিস্থিতিতে ভাড়া নিয়ন্ত্রণ ও সড়ক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও তৎপর হওয়া প্রয়োজন, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে যাতায়াত করতে পারেন।