দলীয় নীতি ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য ও কর্মকাণ্ডের অভিযোগে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী–কে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও সংগঠনের পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ঋণখেলাপির দায়ে মনোনয়ন বাতিল হওয়া সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে ভোটারদের উদ্দেশে হুমকিমূলক বক্তব্য দিতে দেখা যায়—এমন অভিযোগ ওঠে।
তবে মঞ্জুরুল আহসান মুন্সীর দাবি, ওই ভিডিওটি আংশিকভাবে কেটে বিকৃত করে ছড়ানো হয়েছে। নিজের ফেসবুক পেজে পূর্ণাঙ্গ বক্তব্যের ভিডিও শেয়ার করে তিনি লেখেন, তার বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার করা হচ্ছে।
ক্যাপশনে তিনি দাবি করেন, ব্যক্তিগত পরিসরে দেওয়া বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে একটি স্বার্থান্বেষী মহল তাকে জড়িয়ে নোংরা রাজনীতিতে লিপ্ত হয়েছে। তিনি বলেন, সত্য কখনো চাপা থাকে না এবং জনগণ সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে জানে।
ভাইরাল হওয়া ক্লিপে তাকে কুমিল্লা-৪ আসনে ট্রাক প্রতীকে ভোট চাওয়ার কথাও বলতে শোনা যায়।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী গণমাধ্যমকে বলেন, মঞ্জুরুল আহসান মুন্সীর বক্তব্য বিএনপির দলীয় অবস্থান নয়; এটি সম্পূর্ণ ব্যক্তিগত। তিনি বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।