ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খাঁন বলেছেন, হত্যা, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা বিএনপির কাছে শতভাগ নিরাপদ এবং ধানের শীষ প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর আমানত।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কালীগঞ্জ শহরের সরকারি ভূষণ স্কুল মাঠে হাজার হাজার নারী-পুরুষের উপস্থিতিতে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, ধানের শীষের নাম ব্যবহার করে কেউ যদি মিথ্যার আশ্রয়ে ভোট চাইতে আসে, তাহলে জনগণ তাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করবে। তিনি দাবি করেন, বিএনপি এখন ঐক্যবদ্ধ এবং ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
সমাবেশে স্বতন্ত্র প্রার্থীকে ইঙ্গিত করে তিনি বলেন, ধানের শীষের নেতাকর্মীদের ওপর হামলা ও ভোটারদের হুমকি দিয়ে পার পাওয়া যাবে না। ৫ আগস্টের পর যারা হত্যা, চাঁদাবাজি ও হাটবাজার দখলের সঙ্গে জড়িত ছিল, তারাই এখন ভোট কেনার চেষ্টা করছে। এ আসনে কোনো চাঁদাবাজের স্থান হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত হলে এ এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ নাগরিক সেবা নিশ্চিত করা হবে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন, বিএনপি শহীদ জিয়ার আদর্শে গড়া একটি দল। ধানের শীষ বিএনপি ও তারেক রহমানের প্রতীক। এবারের নির্বাচনে রাশেদ খাঁনকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
পৌর বিএনপি নেতা বাবুল আক্তার–এর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবন।
এ ছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবর রহমান মিনি, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, নজরুল ইসলাম মোল্লা, মশিউর রহমান, বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, লুৎফর রহমান লেন্টু, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহাবুর রহমান মিলন ও ছাত্রনেতা মারুফ বিল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা।