শেখ নজরুল ইসলাম তালা
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা ঐতিহাসিক ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো জামায়াতের ইসলামীর বিশাল নির্বাচনী সমাবেশ। সোমবার বেলা ২টায় শুরু হওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসন (তালা–কলারোয়া) জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মফিদুল্লার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা নায়েবে আমীর মাহমুদুল হক, সহকারী সেক্রেটারী গাজী সুজায়েত আলী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জকসুর এজিএস মাসুদ রানা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী প্রমুখ।
কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, তালা ও কলারোয়ার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা হবে। স্থানীয় পর্যায়ে শিল্প, প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে বেকারত্ব দূর করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাস্তাসংস্কার প্রসঙ্গে বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, এলাকার ভাঙাচোরা সড়ক উন্নয়নে টেকসই পরিকল্পনা গ্রহণ করা হবে, যাতে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা নিরাপদে চলাচল করতে পারে।
সমাবেশে আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে সবাইকে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, “জনগণের সমর্থন পেলে এই এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।”
উল্লেখযোগ্য দিক হলো—এই বিশাল সমাবেশে বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন, যা জনসভাটিকে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর করে তোলে। নারী উপস্থিতি এলাকার রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণের ইতিবাচক বার্তা বহন করে।
সমাবেশটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষ পর্যন্ত জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়।