মাজহারুল ইসলাম বাদল, নবীনগর উপজেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের কাজী নাজমুল হোসেন তাপসের উদ্যোগে নবীনগরে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস।
হাজার হাজার মানুষের উপস্থিতিতে দেওয়া বক্তব্যে কাজী তাপস বলেন,
“আমি তাপস আপনাদের সন্তান, আপনাদের ভাই। আপনারা আমার বাবা মরহুম কাজী আনোয়ার সাহেবকে ভালোবেসে নবীনগর থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তাঁর ছেলে হিসেবে আমাকে একবার সুযোগ দিন। আমি আপনাদের সঙ্গে নিয়ে আমার বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই।”
তিনি আরও বলেন,
“২০১৮ সালে আমি ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলাম। তখন ভাগ্য সহায় ছিল না, কাজ করারও তেমন সুযোগ পাইনি। কিন্তু এবার সুযোগ এসেছে। আপনারা আমাকে একবার সুযোগ দিলে আগামী পাঁচ বছরে নবীনগরে কিছু করে দেখাতে চাই। তাই আসন্ন নির্বাচনে ফুটবল প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন।”
এমপি নির্বাচিত হলে নিজের অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন,
“আমি নির্বাচিত হলে নবীনগরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করব, ইনশাআল্লাহ। আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা, এতিমখানা, কবরস্থান ও শ্মশানসহ নবীনগরের সব অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করব।”
সবশেষে তিনি প্রতিহিংসার রাজনীতি পরিহারের প্রতিশ্রুতি দিয়ে বলেন,
“আমি অঙ্গীকার করছি—নবীনগরে কোনো প্রতিহিংসার রাজনীতি হতে দেব না। আমাদের একটাই পরিচয়, আমরা সবাই বাংলাদেশের নাগরিক।”
সমাবেশে বিএনপি এবং বিএনপির সদ্য বহিষ্কৃত অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ হাজার হাজার সমর্থকের ব্যাপক উপস্থিতি ছিল, যা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।