ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে পূর্ণ সমর্থন জানিয়েছেন মুরাদনগর উপজেলার মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা। এ সময় ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) মুরাদনগর উপজেলা সদরে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সমর্থন ঘোষণা করা হয়। মুরাদনগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, “মুরাদনগরের বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করতে পারা আমার জন্য গর্বের। তাঁদের ত্যাগ ও আত্মদানের বিনিময়েই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।”
তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা নিরলসভাবে কাজ করে যাব। একটি উন্নত ও সমৃদ্ধ মুরাদনগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।”
সহকারী কমান্ডার গিয়াস উদ্দিন মাহমুদের তত্ত্বাবধানে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, আলম, আতিকুর রহমান, আবু তাহের, সিদ্দিক মাস্টারসহ তিন শতাধিক মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা।
সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠা। সেই আদর্শকে সামনে রেখেই তাঁরা সবসময় দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বক্তাদের মতে, কায়কোবাদের রাজনৈতিক দর্শন ও কর্মকাণ্ডে মুক্তিযুদ্ধের সেই চেতনার প্রতিফলন স্পষ্টভাবে ফুটে উঠেছে।
তাঁরা আরও বলেন, অভিজ্ঞ, সৎ ও নীতিনিষ্ঠ নেতৃত্বই মুরাদনগরের উন্নয়নকে গতিশীল করতে পারে। শান্তিপূর্ণ পরিবেশ ও টেকসই অগ্রগতির স্বার্থে ধানের শীষ প্রতীকের পক্ষে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে মুক্তিযোদ্ধারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।