চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম আগামী ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতের দিকে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান।
এ সংক্রান্ত ৫৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
ভিডিওতে সরওয়ার জামাল নিজামকে বলতে শোনা যায়, চাতুরী আনোয়ারা এলাকার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র। এখানকার ব্যবসা-বাণিজ্য ও মানুষের উপার্জনের ওপর পুরো এলাকার অর্থনৈতিক গতিশীলতা নির্ভরশীল। তিনি অভিযোগ করেন, বর্তমানে ওই এলাকায় চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে।
এ পরিস্থিতিতে তিনি দুই হাত জোড় করে অনুরোধ জানিয়ে বলেন, “এই ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না।”
এ সময় বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ বিষয়ে সরওয়ার জামাল নিজামের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।