পটুয়াখালীর মির্জাগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট–ফেজ ২’-এর আওতায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল মল্লিক (৬২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বন্দর বাজার এলাকার একটি মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাবুল মল্লিক উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত আজাহার আলী মল্লিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) মো. ফারুক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে বাবুল মল্লিককে আটক করে। তার বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বাবুল মল্লিক ২০০২ সালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলার মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়াও ২০২৪ সালে দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুর মামলার অন্যতম সন্দেহভাজন হিসেবেও তিনি অভিযুক্ত।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “অপারেশন ডেভিল হান্ট–ফেজ ২-এর আওতায় দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মঙ্গলবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।