ফয়সাল আহমাদ , শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে রিদিশা ফুড কারখানার নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ডিবিএল গার্মেন্টস সংলগ্ন মালেক মিয়ার বাড়ির সামনে ঘটে এই মর্মান্তিক ঘটনা।
নিহত নারী মোসা. প্রিয়তা আক্তার (২৫)। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রাহেলা গ্রামের দুলাল মিয়ার মেয়ে। এক সন্তানের জননী প্রিয়তা স্থানীয় রিদিসা ফুড কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খাবার খাওয়ার জন্য কারখানা থেকে বাসা উদ্যোশ্যে বের হলে রাস্তায় উৎপেতে থাকে স্বামী মো. আনারুল হক। তাকে ডেকে পাশের একটি গলিতে নিয়ে যায়। পরে পুরনো সম্পর্ক, ডিভোর্স ও সন্তানকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আনারুল তার সঙ্গে থাকা ধারালো চাকু বের করে প্রিয়তার পেট ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। মুহূর্তেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন প্রিয়তা।
তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে ঘাতক আনারুলকে ঘটনাস্থলেই আটক করে। আনারুল হক (৩০) ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বাসিন্দা।
গুরুতর আহত অবস্থায় প্রিয়তাকে স্থানীয়রা দ্রুত মাওনা আল হেরা মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার জানায়, প্রায় ৬-৭ মাস আগে আনারুল হকের সাথে প্রিয়তার ডিভোর্স হয়। ডিভোর্সের পরও আনারুল তার পিছু ছাড়েনি। তাকে বিভিন্নভাবে হুমকি ও চাপ অভিযোগ রয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে আনারুল হককে আটক করা হয় এবং নিহতের মরদেহ উদ্ধার করে হয়। প্রাথমিক তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।