নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের খাল থেকে অর্ধ গলিত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গরুহাট্রা এলাকার শিয়ালজানি খালের ওয়াকওয়ে ড্রেনের ভেতর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয় । তবে যুবকের পরিচয় শনাক্ত করা যায় নি। ঘটনা উদ্ঘাটন করতে পুলিশের বিশেষ বাহিনী (পিবিআই) ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পৌর শহরের শিয়ালজানি খালের ওয়াকওয়ে ড্রেনের আশপাশে দুর্গন্ধ বের হয়। দুর্গন্ধের মাত্রা তীব্র আকার ধারণ করলে স্থানীয় লোকজন মোহনগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে ড্রেনের ভিতরে একটি লাশ দেখতে পান। পরে মোহনগঞ্জ ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে তারা এসে এক যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেন। তবে ওই যুবকের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান শেষে ফায়ার সার্ভিস মোহনগঞ্জ থানা পুলিশের কাছে মরদহাটি হস্তান্তর করেন। যুবকের পরিচয় সনাক্ত করতে এবং প্রকৃত ঘটনা উদঘাটন করতে পিবিআই ঘটনস্থল পরিদর্শন করেন। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার মোহনগঞ্জ পৌর শহরের গরুহাট্রা ভূমি অফিস সংলগ্ন শিয়ালজানি খাল থেকে অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পরে মোহনগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুল ইসলাম হারুন বলেন, ড্রেন থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় এখনো সনাক্ত করা হয়নি। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।