নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরে একটি ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরি হয়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে মোট তিনটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে নিয়ম অনুযায়ী স্কুল ছুটি দিয়ে শিক্ষকরা চলে যাওয়ার পর টানা তিনদিন বিদ্যালয় বন্ধ ছিল।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ে এসে শিক্ষকরা দেখতে পান, নিচতলায় স্থাপিত তিনটি ক্যামেরার মধ্যে দুটি খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার সরেজমিনে গিয়েও একই চিত্র দেখা যায়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ মমতাজ বেগম বলেন, বিষয়টি দ্রুত প্রশাসনকে জানানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অভিযোগ করা হয়েছে।
ঘটনার প্রতিক্রিয়ায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বলেন, এটি সুষ্ঠু নির্বাচনের পথে একটি বড় বাধা এবং এর পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে। অন্যদিকে লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এমন নাশকতা করা হয়েছে।
এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা জানান, বিষয়টি তাদের জানা আছে এবং তদন্ত চলছে।