পটুয়াখালী-৪ আসনের রাঙ্গাবালী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আওয়ামী লীগের এক নেতাসহ অর্ধশত কর্মী-সমর্থক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।
মঙ্গলবার বিকেলে রাঙ্গাবালী সরকারি কলেজ সংলগ্ন মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় তারা বিএনপিতে যোগ দেন।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের মুজাহিদ কমিটির রাঙ্গাবালী সদর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাসুম খলিফা। এছাড়া যোগদানকারীদের অধিকাংশই আওয়ামী লীগের কর্মী-সমর্থক বলে জানা গেছে।
নব্য যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
এসময় তিনি বলেন, “উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিতে হবে। একদিন ধানের শীষে ভোট দিলে আগামী পাঁচ বছর এলাকার উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
জনসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদারসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।