মো: হোসেন,মনপুরা (ভোলা) প্রতিনিধি
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে চোরাই মহিষের বিপুল পরিমাণ মাংস উদ্ধার করা হয়েছে।
এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটোগাড়িসহ একজনকে আটক করা হলেও আরও দুই সহযোগী পালিয়ে গেয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে মনপুরা থানার একটি টহল দল হাজিরহাট ইউনিয়নের আল ইকরা মডেল মাদ্রাসার সামনে পাকা সড়কে টহল দিচ্ছিল।
এ সময় একটি তিন চাকার ব্যাটারি চালিত অটোগাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেটিকে থামানোর সংকেত দেয়, পুলিশের উপস্থিতি টের পেয়ে অটোগাড়িতে থাকা দুই ব্যক্তি দ্রুত পাশের একটি খালে লাফিয়ে পড়ে সাঁতরে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে অপর একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটক ব্যক্তি মোঃ বাগন আলী (৪১)। তিনি মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া এলাকার মৃত শাহজাহান রাড়ীর ছেলে।
পরে অটোগাড়িটি তল্লাশি চালিয়ে চারটি বস্তায় রাখা মোট ৮০ কেজি ২০০ গ্রাম মহিষের মাংস উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাংসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এছাড়া চুরির কাজে ব্যবহৃত ব্যাটারি চালিত অটোগাড়িটি জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি পালিয়ে যাওয়া দুই সহযোগীর নাম জানিয়েছে। তারা হলেন মোঃ আলমগীর (৪৫) ও মোঃ মন্নান (৩২)।
এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করছে, পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাংসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছেএ ঘটনায় মনপুরা থানায় দণ্ডবিধির ৩৭৯ (চুরি) ও ৪১১ (চোরাই মাল আত্মসাৎ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।।