মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় অঞ্চলে ব্যাপক ও সমন্বিত নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে উপকূলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নৌবাহিনীর কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে এবং নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে অদ্য সোমবার ২ ফেব্রুয়ারি সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা ভোলার বিভিন্ন ভোটকেন্দ্র এবং নৌ কন্টিনজেন্টের দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বিদ্যমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে মাঠপর্যায়ে নিয়োজিত নৌসদস্যদের দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে সহকারী নৌবাহিনী প্রধান একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের ইতিবাচক ও আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সঠিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে জনমনে সচেতনতা সৃষ্টি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নির্বাচনের দিন সাধারণ ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি বা শঙ্কা ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নৌবাহিনী স্থলপথের পাশাপাশি নৌপথেও কঠোর নজরদারি চালু রেখেছে। বিশেষ করে দুর্গম উপকূলীয় ও চরাঞ্চলে নৌবাহিনীর জাহাজ এবং পর্যাপ্ত সংখ্যক বোট মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।
একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে। সরকারি নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে অন্যান্য বাহিনীর সঙ্গেও সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে নৌবাহিনী। নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত এই কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।