মুন্সিগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় গণসংযোগ জোরদার করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরই অংশ হিসেবে দিঘীরপাড় ইউনিয়নের বেহেরপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে এক উঠান বৈঠক।
সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে ৩নং ওয়ার্ড ইসলামী আন্দোলনের উদ্যোগে সাবেক ইউপি সদস্য হায়দার আলী হালদারের বাড়ির উঠানে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা সেক্রেটারি গাজী রফিকুল ইসলাম বাদল, টঙ্গীবাড়ী উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ সরদার এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সৌদি আরব শাখা) মাওলানা আলহাজ্ব আল আমিন খলিফা।
উঠান বৈঠকে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় তারা এলাকার ভাঙাচোরা সড়ক, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবার অভাব, বেকারত্বসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। নেতৃবৃন্দ এসব সমস্যা সমাধানে ইসলামী আন্দোলনের ন্যায়ভিত্তিক উন্নয়ন দর্শন ও রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন বলেন, জনগণের অধিকার নিশ্চিত না হলে কোনো উন্নয়নই টেকসই হয় না। তিনি বলেন, ইসলামী আন্দোলন সৎ ও কল্যাণমুখী রাজনীতির মাধ্যমে মানুষের পাশে থাকতে চায়। আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলনকে বিজয়ী করার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতার জন্য নয়, বরং জনগণের ন্যায্য অধিকার ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করে। তারা অবকাঠামো উন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা, শিক্ষার মানোন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে বাস্তবসম্মত পরিকল্পনার কথা তুলে ধরেন।
বৈঠক শেষে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন নেতৃবৃন্দ এবং ভবিষ্যতেও এ ধরনের উঠান বৈঠক অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।