সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, যারা ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট দেওয়ার কথা বলে, তাদের থেকে জনগণকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, “এরা মানুষকে ধোঁকা দেয়। সবাই তাদের প্রতারণা বুঝে। এবার তারেক রহমানের ওপর বিশ্বাস করে দেখেন—ইনশাআল্লাহ বাংলাদেশ আর ঠকবে না।”
রোববার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ও ইছাকলস ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ জন্য তিনি নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “আমরা মায়েদের হাতে একটি ফ্যামিলি কার্ড দিতে চাই, যার মাধ্যমে প্রতি মাসে সরকারি সহযোগিতা দেওয়া হবে। পাশাপাশি কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যাতে সার, বীজ ও কীটনাশকসহ প্রয়োজনীয় উপকরণ সহজে পৌঁছে দেওয়া যায়।”
এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে ধানের শীষ প্রতীকে সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি।
দিনব্যাপী এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর ও অ্যাডভোকেট কামাল হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেল,
জেলা যুবদলের সহসভাপতি সাহেদ আহমদ চমন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফ, সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবরসহ উপজেলা ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।