সোহেল রানা, সিংগাইর
নবম জাতীয় পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ ও কার্যকরের দাবিতে সিংগাইর উপজেলায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা রোববার দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন।
সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মবিরতিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, শিক্ষা অফিস, স্বাস্থ্য বিভাগ, ভূমি অফিসসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে নতুন পে-স্কেল কার্যকরের বিষয়ে সরকারের আশ্বাস থাকলেও বাস্তব অগ্রগতি নেই। বর্তমান বাজারদরের সঙ্গে বিদ্যমান বেতন কাঠামো মিলিয়ে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের সরকারি কর্মচারীরা চরম চাপের মুখে রয়েছেন।
তাদের দাবি, নবম জাতীয় পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ ও ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করতে হবে। কর্মচারীরা হুঁশিয়ারি দিয়েছেন, যদি তা না হয়, কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংহতি রেখে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।