মো:ফারুক আহমেদ, ঘাটাইল
টাঙ্গাইলের ঘাটাইলে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাত ৯টায় ঘাটাইল সরকারি গণপাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন,
‘চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ জাতীয় পর্যায়ে ১১ দলীয় জোটের সৃষ্টি হয়েছে। শহীদ ওসমান হাদির হত্যার বিচারের নিশ্চয়তা নিরে আমরা নির্বাচনি ইশতেহার ঘোষণা দিয়েছি। পাশাপাশি শাপলা গণহত্যা ও বিডিআর গণহত্যার বিচার আমরা এ দেশেই সম্পন্ন করব ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন,
‘আমরা আমাদের ইশতেহারে বলেছি, সামরিক বাহিনীর মতো বেসামরিক পর্যায়ের তরুণ প্রজন্মের প্রশিক্ষণের ব্যবস্থা করে আমরা নিজেরা আরও শক্তিশালী হব।’
তিনি বলেন,
‘নির্বাচনকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন জায়গায় নগদ টাকা দেওয়া হচ্ছে। এই টাকার বিনিময়ে যদি আপনারা বিক্রি হন তাহলে আগামীতে আপনারা স্বামী ও সন্তানদের হারাবেন। একটি রাজনৈতিক দল বলছে কৃষকদের ঋণ মওকুফ করে দেবে। কৃষক কার্ড দেবে। বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে।’
এনপিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ঘাটাইলবাসীকে গণভোটে ‘হ্যাঁ’ এবং শাপলাকলি প্রতীকে ভোট দিয়ে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান। এ সময় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ হোসনি মোবারক বাবুল, ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী সাইফুল্লাহ হায়দারসহ ১১ দলীয় জোটের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।