মুন্সিগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বিএনপির উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আলদি কোল্ড স্টোরেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি তার বক্তব্যে বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। জনগণ ঐক্যবদ্ধ হলে আগামী নির্বাচনে গণরায় নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনগণ তাদের ন্যায্য ভোটাধিকার থেকে বঞ্চিত। এই অবস্থা থেকে মুক্তির জন্য বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।
কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান শিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মহসিন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম বেপারী, বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম রুসু, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রনি গাজী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক বিএনপি সমর্থক। জনসভায় নেতারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।