মো. বদরুল আলম, সখীপুর (টাংগাইল)
টাঙ্গাইলের সখীপুরে জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেছেন। দৈনিক যুগান্তর পত্রিকার সখীপুর প্রতিনিধি, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মুহ. মাসুদ রানার নেতৃত্বে এ যোগদান অনুষ্ঠিত হয়।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি মোতালেব মাস্টার ও ফরমান আলী মাস্টার, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, গজারিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোয়াজ্জেম হোসেন মেম্বার, যাদবপুর ইউনিয়ন সভাপতি মোসলিম উদ্দিন খান, বহুরিয়া ইউনিয়ন সভাপতি শামসুল ইসলাম খান, হাতীবান্ধা ইউনিয়ন সভাপতি আব্দুল জলিল এবং কাকড়াজান ইউনিয়ন সভাপতি ডা. শফিকুল ইসলাম। এ ছাড়া তাঁদের কয়েক শতাধিক অনুসারীও বিএনপিতে যোগ দেন বলে জানা গেছে।
যোগদান অনুষ্ঠানে বক্তব্যে মুহ. মাসুদ রানা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বর্তমান তরুণ প্রজন্মের অহংকার নেতা তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপিতে যোগদান করেছেন। তিনি আরও বলেন, বাসাইল-সখীপুরের প্রিয় মানুষ, মা-মাটি-মানুষের আস্থাভাজন নেতা অ্যাডভোকেট আহমেদ আযম খানের নেতৃত্বেই তিনি আজ থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হলেন।
এ সময় টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, মাসুদ রানার মাধ্যমে শতশত মানুষ বিএনপিতে যোগদান করায় দল আরও সুসংগঠিত হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, এর ফলে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ের পাল্লা আরও ভারী হবে।
এ সময় অ্যাডভোকেট আহমেদ আযম খান নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।