মেহেদী হাসান রাতুল, সিলেট
সিলেটের জৈন্তাপুর উপজেলায় নীলনদ খ্যাত সারী নদীতে গোসল করতে নেমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে জৈন্তাপুর উপজেলার সাহেবমারা ড্রয়ার এলাকায় নদীতে গোসল করতে নামেন ওই শিক্ষার্থী। এ সময় তিনি চোরাবালিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।
নিহত শিক্ষার্থীর নাম আবু মুসআব আমীন (২৩)। তিনি শাবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২২–২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সকিপুর গ্রামে। তিনি ওই গ্রামের মো. শহিদুর রহমানের ছেলে।
নিখোঁজের খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের দুটি টিম যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টা তল্লাশি চালানোর পর বিকাল আনুমানিক ৪টার দিকে নদী থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
এ সময় শাবির প্রক্টর বডির সদস্য প্রফেসর সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে উপস্থিত ছিল।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহবুবুর রহমান মোল্লা জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।