জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি
টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ বলেছেন, এলাকার বেকারত্ব দূর করতে কারিগরি ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই। তিনি বলেন, ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি হোক এটাই আমি চাই। এমপি হতে পারি বা না পারি, নিজ উদ্যোগ ও নিজ খরচে মধুপুর ও ধনবাড়ী এলাকায় কর্মসংস্থানমূলক কার্যক্রম চালু করব।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল ৩টায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৭ নং আলোকদিয়া ইউনিয়নের রানিয়াত রানিয়াত ভাঙ্গা বাসস্ট্যান্ড কর্মী ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, টাঙ্গাইল-১ আসনে একটি আধুনিক কারিগরি শিক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে তরুণদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে।
তিনি উল্লেখ করেন, শুধু শিক্ষিত বেকার তৈরি করলে চলবে না, প্রয়োজন বাস্তবভিত্তিক ও কর্মমুখী দক্ষতা। কারিগরি শিক্ষার মাধ্যমেই তরুণদের স্বাবলম্বী করা সম্ভব।
এ সময় তিনি তার প্রতীক সম্পর্কে বলেন, তালা মার্কা নিরাপত্তার প্রতীক। আর আমার তারা মার্কার চাবি কার কাছে? সেই চাবি আমাদের মা বোনদের হাতেই রয়েছে।
গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও জনগণের প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নেতৃস্থানীয় কর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।