আবু বক্কর সিদ্দিক,উখিয়া কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাহাড়ি জনপদে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত বাহারছড়া ইউনিয়নের পূর্ব জুম্মাপাড়া পাহাড়ি এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা গেছে, এর আগের দিন বুধবার রাতেও একই এলাকায় ২০ থেকে ৩০ রাউন্ড গুলির শব্দ শোনা যায়।
স্থানীয় সূত্র জানায়, জুম্মাপাড়া পাহাড়ি এলাকায় সক্রিয় অপহরণকারী ও মানবপাচার চক্রের দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই এ ধরনের গোলাগুলির ঘটনা ঘটে। এসব ঘটনা নতুন না হলেও প্রতিবারই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, বারবার এমন ঘটনা ঘটলেও কার্যকর কোনো স্থায়ী সমাধান মিলছে না।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইলিয়াস বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যায় জুম্মাপাড়া এলাকার পূর্ব পাহাড়ে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এর আগের দিন সন্ধ্যাতেও একই ধরনের ঘটনা ঘটে। এলাকার মানুষ এখন চরম আতঙ্কে রয়েছে।”
বাহারছড়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ দুর্জয় বিশ্বাস বলেন, “ সশস্ত্র সন্ত্রাসী দুগ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
স্থানীয়দের আশঙ্কা, পাহাড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা অব্যাহত থাকলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় বড় ধরনের সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এদিকে গত মঙ্গলবার সকালে একদল সশস্ত্র সন্ত্রাসী ৬ কৃষক অপহরণ করে গহীন পাহাড়ের ভেতরে নিয়ে যায়। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনো তাদের কোনো সন্ধান মেলেনি।