মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের নেতৃত্বে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে শহরে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিকাল সাড়ে ৪টার দিকে পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পতাকা একাত্তর ভাস্কর্য ঘুরে সুপারমার্কেট এলাকায় অবস্থিত অঙ্কুরিত যুদ্ধ ১৯৭১ ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।
গণমিছিলে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নানা শ্রেণী-পেশার কয়েক হাজার কর্মী-সমর্থক অংশ নেন। এ সময় তারা ফুটবল প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং নির্বাচনী প্রচারণা চালান।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন। তিনি বলেন, জনগণের ভোট ও সমর্থন নিয়েই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এলাকার উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি কাজ করতে চান বলে বক্তব্যে উল্লেখ করেন।
এ সময় তাঁর সমর্থকরা আসন্ন নির্বাচনে তাঁকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।