নির্বাচন-পূর্ব আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপি প্রার্থী হুমাম কাদের চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
বুধবার (২৮ জানুয়ারি) কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সিভিল জজ পলিনা আকতার স্মৃতির স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, গত ২২ জানুয়ারি রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাহাব্দী নগর উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের উপস্থিতিতে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ওই সময় বিদ্যালয় মাঠে একটি মেডিকেল ক্যাম্প আয়োজনের পাশাপাশি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হয়। এ সংক্রান্ত ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও নোটিশে উল্লেখ রয়েছে।
এছাড়া নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন স্থানে রঙিন পোস্টার সাঁটানোর অভিযোগ উঠেছে, যার ছবিও অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে সংরক্ষিত রয়েছে বলে জানানো হয়।
নোটিশে বলা হয়, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানো রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা–২০২৫-এর ১৫(খ) ধারার পরিপন্থি।
এ বিষয়ে হুমাম কাদের চৌধুরীকে আগামী ২৯ জানুয়ারি রাঙ্গুনিয়ায় অবস্থিত সিনিয়র সিভিল জজ আদালতের অস্থায়ী কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।