মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের প্রতি সমর্থন জানিয়ে জেলা ও পৌর বিএনপির চারজন গুরুত্বপূর্ণ নেতা নিজ নিজ পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ ঘটনাকে ঘিরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ সৃষ্টি হয়েছে।
বুধবার (আজ) রাত সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায় বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সামনে তারা এ ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন— জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতোয়ার হোসেন বাবুল, শাহাদাত সরকার ও কাজী আবু সুফিয়ান বিপ্লব এবং মুন্সিগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন।
সংবাদ সম্মেলনে নেতারা জানান, দলীয় সিদ্ধান্ত ও স্থানীয় রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে তারা স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে তারা স্বেচ্ছায় নিজ নিজ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।
এ বিষয়ে বিএনপির জেলা পর্যায়ের একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করা হবে এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির প্রভাবশালী কয়েকজন নেতার পদত্যাগ ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার ফলে মুন্সিগঞ্জ-৩ আসনের নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। এতে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।