আমজাদ শিবলু: সেনবাগ
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নোয়াখালীর সেনবাগ উপজেলার বিএনপির ১৪ নেতাকর্মীকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন চৌধুরী, ড. সৈয়দ নজরুল ইসলাম ফারুক, অ্যাডভোকেট সাখাওয়াত লিটন, মমিন উল্লাহ (চেয়ারম্যান), মিজান মো. সোলাইমান, মোয়াজ্জেম হোসেন সেলিম ও গোলাম হোসেন খোকন।
এ ছাড়া উপজেলা বিএনপির সদস্য ওবায়দুল হক চেয়ারম্যান, আবুল কালাম আজাদ, নুরুজ্জামান চৌধুরী, আবু জাহের চৌধুরী জাফর, শাহেদুল করিম মারুফ ও মাস্টার দানিলুর রহমান রয়েছেন। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বাবুল, রেজাউল হক হেলাল, তাজুল ইসলাম রতন এবং পৌর বিএনপির সদস্য মহিন উদ্দিন কমিশনার ও শহীদ উল্লাহ হেলালকেও বহিষ্কারের আওতায় আনা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কৃতদের সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।