মো. বদরুল আলম, সখিপুর, টাংগাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের সখীপুরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গরু জবাই করে বিরিয়ানি রান্নার অভিযোগে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী ও শিল্পপতি সালাউদ্দিন আলমগীরকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে রান্না করা খাবার জব্দ করে স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের গড়বাড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন্নাহার শীলা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের কর্মী-সমর্থকেরা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ওই এলাকায় গরু জবাই করে বিরিয়ানি রান্না করছিলেন। এ সময় খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালায় এবং রান্না করা খাবার দেখতে পায়।
পরবর্তীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন্নাহার শীলা বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সভা, সমাবেশ কিংবা উঠান বৈঠকে ভোটারদের খাবার পরিবেশন আইনত দণ্ডনীয় অপরাধ। এ কারণেই সংশ্লিষ্ট প্রার্থীকে জরিমানা করা হয়েছে। রান্না করা খাবার নষ্ট না করে মাদ্রাসা ও এতিমখানায় বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।