সজিব রেজা, দিনাজপুর:
প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দিনাজপুর-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ শুভ। তিনি অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবে আয়োজিত এক লিখিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে শাহনেওয়াজ শুভ বলেন, নির্বাচনি প্রচারণা শুরুর পর থেকেই তাকে নানাভাবে হুমকি ও বাধার মুখে পড়তে হচ্ছে। গত ২৩ জানুয়ারি পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পারিবারিক কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরুর কথা থাকলেও সেখানে পৌঁছালে স্থানীয় বিএনপির সভাপতির নেতৃত্বে তার ওপর হামলার চেষ্টা চালানো হয়। গ্রামবাসী ও কর্মী-সমর্থকদের সহায়তায় তিনি প্রাণে রক্ষা পান বলে দাবি করেন।
তিনি আরও বলেন, ঘটনার বিষয়টি প্রশাসনকে অবহিত করা হলেও এ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ নীরবতা লক্ষ্য করা গেছে।
স্বতন্ত্র এই প্রার্থী অভিযোগ করে বলেন, প্রতীক বরাদ্দ পাওয়ার পর গত ২১ জানুয়ারি তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা সংক্রান্ত ম্যানুয়াল বই চাইলেও তা সরবরাহ করা হয়নি। পাশাপাশি ২২ জানুয়ারি বিরামপুর এলাকায় তার উত্তরাধিকারসূত্রে পাওয়া জমি দখলের বিষয়ে জেলা প্রশাসন, পুলিশ সুপার, থানার ওসি ও সহকারী কমিশনার (ভূমি)-কে অবগত করলেও কেউ ঘটনাস্থলে যাননি বা খোঁজ নেননি।
এসব ঘটনার প্রেক্ষিতে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আত্মরক্ষার জন্য অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করলেও সেটিও এখনো অনুমোদন দেওয়া হয়নি।
শাহনেওয়াজ শুভ বলেন, একজন জেলা রিটার্নিং কর্মকর্তা যদি নির্বাচন পরিচালনার একটি মৌলিক বই পর্যন্ত দিতে না পারেন এবং একজন প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হন, তাহলে সেই প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময় তিনি দাবি করেন, তার জানমালের কোনো ক্ষতি হলে জেলা প্রশাসক, জেলা রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রশাসন দায়ী থাকবে।
এ সময় সেখানে হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবিরসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।